খাগড়াছড়িতে ৮ দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ , ৫ অক্টোবর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

আট দিন পর খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলা থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। শনিবার (৪ অক্টোবর) রাত নয়টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এরপর বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, “বর্তমানে জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শক্রমে ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, আজ রবিবার (৫ অক্টোবর) সকাল ছয়টা থেকে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলা এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার কার্যকর হবে।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর দুপুরে জননিরাপত্তা ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় খাগড়াছড়ি সদর ও পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক।

অন্যদিকে, শনিবার সকালে ‘জুম্ম ছাত্র-জনতা’ নামে একটি সংগঠন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চলমান অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়। বিবৃতিতে তারা আট দফা দাবি উপস্থাপন করে জানায়, এসব দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে নামবে সংগঠনটি।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি সদর এলাকায় পাহাড়ি এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরে রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা। এ ঘটনায় শয়ন শীল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার প্রতিবাদে ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে আধাবেলা অবরোধ ডাকে জুম্ম ছাত্র-জনতা, যা পরদিন থেকে তিন পার্বত্য জেলায় সম্প্রসারিত হয়।

অবরোধ চলাকালীন ২৮ সেপ্টেম্বর গুইমারার রামেসু বাজার এলাকায় বিক্ষোভ সহিংস রূপ নেয়। আইনশৃঙ্খলা বাহিনী ও অবরোধকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হন।