খাগড়াছড়িতে চলমান সড়ক অবরোধ কর্মসূচি সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে ‘জুম্ম ছাত্র-জনতা’। আজ শনিবার (৪ অক্টোবর, ২০২৫) সকালে সংগঠনটির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “ধর্মীয় রীতি অনুযায়ী শহীদদের পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সংগঠনটির দাবি, গত ১ অক্টোবর পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এনএসআই জেলা প্রধান, ডিজিএফআই জেলা প্রধান ও এএসপি (তদন্ত)–এর উপস্থিতিতে প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উপস্থাপন করা হয়। আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি নিহত পরিবারের প্রতি ৫০ হাজার টাকা সহায়তার বিষয়টি জানানো হয়।
এর আগে, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা দিয়েছিল ‘জুম্ম ছাত্র-জনতা’।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনটির ডাকা সড়ক অবরোধ ঘিরে সহিংসতায় তিনজন নিহত হন এবং অর্ধশতাধিক আহত হন। যদিও চিকিৎসকদের তিন সদস্যের মেডিকেল বোর্ড কিশোরীর শরীরে ধর্ষণের আলামত পাননি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত