• দেশজুড়ে প্রধান সংবাদ
  • শেরপুরের বিদ্যালয়গুলোতে প্রাথমিক চিকিৎসা কর্ণার স্থাপনের দাবি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের

শেরপুরের বিদ্যালয়গুলোতে প্রাথমিক চিকিৎসা কর্ণার স্থাপনের দাবি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ , ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুরে পর্যায়ক্রমে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা কর্ণার স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে শহরের নিউ আলীশান রেস্তোরায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় তরুণ সমাজের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহামুদুল হাসান রাকিব ও শেরপুর জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম। তারা বলেন, শেরপুর জেলার একমাত্র ২৫০ শয্যার হাসপাতালের স্বাস্থ্যসেবা এখনও অপ্রতুল।

অপরদিকে, বিদ্যালয়গুলোতে কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে এবং তাদের মাঝে নানা ধরণের স্বাস্থ্য সংক্রান্ত ছোটখাটো দুর্ঘটনা যেমন পা কাটা, পড়ে যাওয়া, মাথায় আঘাত, উচ্চ বা নিম্ন রক্তচাপ, পিরিয়ডকালীন জরুরি স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন হয়।

এইসব সমস্যা দ্রুত প্রাথমিক চিকিৎসার দাবি রাখে। এই বাস্তবতা থেকে ‘ফাস্ট এইড কর্ণার’ বা প্রাথমিক চিকিৎসা কর্ণার স্থাপন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যাতে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীরা জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা পেতে পারে।

প্রস্তাবিত ফাস্ট এইড কর্ণারগুলোতে ব্যান্ডেজ, তুলা, স্যাভলন, স্যানিটারি ন্যাপকিন, হ্যান্ড স্যানিটাইজার, ব্লাড প্রেসার মেশিন ইত্যাদিসহ প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ থাকবে। প্রতিটি বিদ্যালয়ের একজন শিক্ষককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

তারা আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে শুধু তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা নয়, বরং শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ বিদ্যালয় পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। এই উদ্যোগে সফলভাবে বাস্তবায়নে গণমাধ্যমকর্মী, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো আবু রায়হান রূপন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ময়মনসিংহ বিভাগের সিনিয়র রিজিওনাল কো-অর্ডিনেটর নার্গিস আক্তার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়ির সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ জেলা কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।