মানিকগঞ্জে আসন্ন দুর্গাপূজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ , ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মানিকগঞ্জে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আসন্ন দুর্গাপূজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ই সেপ্টেম্বর ২০২৫ ইং বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে আসন্ন দুর্গাপূজা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) মোহাম্মদ আলী।

এই প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহ আল মামুন, সেনা ক্যাম্পের প্রতিনিধি ক্যাপ্টেন সাকিফ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সত্যেনকান্ত পন্ডিত ভজন, হিন্দু কল্যাণ ফ্রন্টের সদস্য-সচিব
গৌরাঙ্গ চন্দ্র সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বাসুদেব গোস্বামী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি কালীপদ ঘোষ, জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক তাপস রাজবংশীসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন।

সরকারের ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দুর্গাপূজা উদযাপনের সকল কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

মানিকগঞ্জ পৌর এলাকায় প্রতিমা বিসর্জনের জন্য কালীগঙ্গা নদীর বেউথা ঘাট এলাকা নির্ধারণ করা হয়। বিশেষ করে পোড়রা এলাকা ও রিজার্ভ ট্যাংক এলাকার পুকুরে যাতে প্রতিমা বিসর্জন করা না হয় সেই নির্দেশনা দেওয়া হয়।

পুজা উপলক্ষে বরাদ্দকৃত সরকারি সহযোগিতা সরাসরি মন্ডপ প্রতিনিধিদের হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়। সুষ্ঠুভাবে পুজা উদযাপন করতে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন করা হয়।