নবীনগরে দুইদিন নিখোঁজের পর কলেজছাত্রীর লাশ ডোবায় উদ্ধার

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ , ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামে ফারজানা আক্তার জুঁই (১৮) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। দুইদিন আগে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে নিখোঁজ হওয়ার পর শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশে একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফারজানা আক্তার জুঁই ওই গ্রামের আবুল হাসনাতের মেয়ে। সম্প্রতি তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

পরিবার সূত্রে জানা যায়, পরশু রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার উদ্দেশ্যে ঘুম থেকে উঠার পর থেকে জুঁই নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

শনিবার সকালে স্থানীয় এক ব্যক্তি ডোবা থেকে কচুরিপানা সংগ্রহ করার সময় একটি লাশ ভাসতে দেখে চিৎকার দেন। খবর ছড়িয়ে পড়লে শতশত মানুষ সেখানে জড়ো হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন চলছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম গণমাধ্যমকে জানান, “লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তেমন কোনো অভিযোগ নেই। তবে আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”