ঝিনাইগাতীতে ভারতীয় নিষিদ্ধ মদের চালান জব্দ: পিকআপভ্যানসহ ৩৮০ বোতল উদ্ধার

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ , ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় একটি বড় ধরনের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ মদ জব্দ করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বড় রাংটিয়া এলাকা থেকে এসব অবৈধ মদ উদ্ধার করা হয়।

অভিযানের সময় মাদক চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও জব্দ করা হয় একটি পিকআপভ্যানসহ বিভিন্ন ব্র্যান্ডের ৩৮০ বোতল ভারতীয় মদ।

ঝিনাইগাতী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিনের নেতৃত্বে এসআই জামাল, এএসআই শামছুল, আনিছসহ একটি চৌকস পুলিশ দল সোমবার রাতে বড় রাংটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাইপথে আসা নিষিদ্ধ মদের একটি পিকআপভ্যান জব্দ করা হয়।

উদ্ধার করা ৩৮০ বোতল ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। জব্দকৃত মদের মধ্যে ছিল ভারতের বিভিন্ন নামিদামি ব্র্যান্ড, যেগুলোর বাংলাদেশে আমদানি ও বিপণন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

অভিযানের সময় মাদক চোরাকারবারিরা পালিয়ে গেলেও তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত ওসি মো. আল আমিন বলেন, “মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমি এ থানায় দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি। সীমান্ত এলাকায় যেকোনো মূল্যে মাদক প্রবাহ রোধ করা হবে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”

উল্লেখ্য, ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে ঝিনাইগাতী উপজেলার দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্ত ব্যবহার করে মাদক চোরাচালানকারীরা দীর্ঘদিন ধরেই বাংলাদেশে অবৈধভাবে মদ প্রবেশ করিয়ে আসছে। তবে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান এসব অপরাধ দমনে ভূমিকা রাখছে বলে স্থানীয়রা মনে করছেন।