খাগড়াছড়িতে নারী সেবাগ্রহীতাদের মাঝে ১১টি সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ , ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে খাগড়াছড়িতে থানা ও ভিকটিম সাপোর্ট সেন্টারে আসা নারী সেবাগ্রহীতাদের মাঝে ১১টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আরফিন জুয়েল বিপিএম।

‘পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে নারী ও মেয়ে শিশুর ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেছে ইআরআরডি-সিএইচটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি।

সেলাই মেশিন বিতরণ শেষে পুলিশ সুপার মোঃ আরফিন জুয়েল বলেন, “এ উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অবদান রাখবে।”

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা বলেন, এই ধরনের উদ্যোগ পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এই সেলাই মেশিনগুলো থানা ও ভিকটিম সাপোর্ট সেন্টারে আসা নারী সেবাগ্রহীতাদের হাতে তুলে দেয়া হয়, যা তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।