৬৯৭ গ্রাম ওজনের ০৫টি স্বর্ণের বার সহ যশোরে ১জন গ্রেফতার

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-পার্শ্ববর্তী দেশ ভারতে পাচারের উদ্দেশ্যে ভারত গমনের সময় যশোর মুড়লীমোড় বাস স্ট্যান্ড হতে আবু বক্কর সিদ্দিক(২৬) নামের এক স্বর্ণ পাচারকারীকে গ্রেফতার করেছে ৪৯,বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র যশোর ক্যাম্পের সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে যশোর ৪৯ বিজিবি’র একটি টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন আবু বকর সিদ্দিককে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের কোমরে বিশেষভাবে লুকানো পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করে (যার ওজন ৬৯৭ গ্রাম)।

উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য এক কোটি ১১ লাখ ১১ হাজার ৫৭৪ টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক ও নগদ ১৯০০ টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে সিজারের মোট মূল্য এক কোটি ১১ লাখ ৭৯ হাজার ৯৭৪ টাকা।

আসামী আবু বকর সিদ্দিক এর বাড়ী রাজধানী ঢাকার শ্যামপুর থানার গেন্ডারিয়া ডিআইটি প্লট এলাকায়। তার পিতার নাম সইজদ্দিন।

আটক আবু বকর সিদ্দিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, ঢাকা থেকে একটি চোরাচালান চক্রের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গত তিন মাস যাবত আসন্ন দূর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর মুড়লীমোড় বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে ৬৯৭ গ্রাম ওজনের ০৫টি স্বর্ণের বার সহ আসামী আবু বক্কর সিদ্দিকি’কে গ্রেফতার করা হয়।

আসামী’র বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।