হাওলাপুরী দরবার শরীফের উদ্যোগে কেন্দুয়ায় বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ , ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

মজিবুর রহমান, নেত্রকোণাঃ ১২ই রবিউল আউয়াল—মানবজাতির মুক্তির দিন। এই দিনকে ঘিরে শনিবার (৬ সেপ্টেম্বর) ধর্মীয় আবেগ ও ভালোবাসায় মুখর হয়ে ওঠে নেত্রকোনার কেন্দুয়া পৌরশহর। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হাওলাপুরী দরবার শরীফের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য জশনে জুলুস।

সকাল সাড়ে ১০টায় চকপাড়াস্থ খানকা শরীফ থেকে শুরু হয় শোভাযাত্রার। হাতে কালেমা খচিত প্ল্যাকার্ড, জাতীয় পতাকা আর কণ্ঠে দুরুদ-সালাম ও গজলের সুরে ভরে ওঠে পুরো শহর। মিছিলের প্রতিটি ধাপে মানুষের পদচারণা যেন ঘোষণা করছিল—রাসুলপ্রেমই মানবতার পথ। দীর্ঘ শোভাযাত্রা শেষে খানকা প্রাঙ্গণে সমবেত হয়ে আয়োজন করা হয় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।

আলোচনায় বক্তব্য দেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান, মাজহারুল ইসলাম (মাজু চেয়ারম্যান), আশেকে শফিকুল ইসলাম শফিক, কাউছার চেয়ারম্যান, আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শাহ আলম ভূইয়া।

বক্তারা বলেন, “রাসুল (সা.) এর আগমনে পৃথিবী জাহেলিয়াতের অন্ধকার থেকে মুক্তি পায়। তাঁর ভালোবাসায় মানুষ আলোর পথে হাঁটতে শিখেছে।”

তাঁরা আরও বলেন, ইসলাম কখনো সন্ত্রাস বা দাঙ্গার মাধ্যমে বিস্তার লাভ করেনি, বরং সুফি সাধক ও অলিআল্লাহদের শান্তির বাণীতেই ছড়িয়ে পড়েছে বিশ্বময়।

মিলাদ শেষে দোয়া মাহফিলে ভক্তদের চোখ ভিজে ওঠে অশ্রুতে। দেশ ও জাতির মঙ্গল, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ন্যায়নিষ্ঠ সমাজ গঠন, সুন্নিয়তের ধারাবাহিকতা রক্ষা এবং খোদার রহমতের বারিধারা বর্ষণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

হাওলাপুরী দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ সুফী হযরত মাওলানা আব্দুল কুদ্দুছ (রহ.) প্রায় দেড়শত বছর আগে এ অঞ্চলে ইসলামের আলো ছড়িয়ে দেন। তাঁর পর হযরত শিবলী (রহ.) দরবারের দ্বায়িত্বভার নেন। বর্তমানে তাঁর সুযোগ্য পুত্র, গদীনশীন পীর আলহাজ্ব হযরত শাহ সুফী মাওলানা সৈয়দ নঈমূল কুদ্দুছ আকবরী (মা.জি.আ.) দরবার পরিচালনা করছেন। তাঁর নেতৃত্বে দিন দিন সমৃদ্ধ হচ্ছে দরবার, ভক্ত-অনুরাগীদের ভিড়ও বেড়ে চলেছে বহুগুণে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতা করায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা।

#####