জামাল হোসেন পান্না, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ(০৬.৯.২৫) শনিবার, শাস্ত্রীয় সংগীতের অমর সাধক, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবীনগরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা অংশ নেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. রেজাউল কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি আবু কামাল খন্দকার, বিশিষ্ট কবি ও সাহিত্যিক আমির হোসেন, শিবপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান এবং নবীনগর প্রেসক্লাবের বর্তমান সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
বক্তারা বলেন, “ওস্তাদ আলাউদ্দিন খাঁ শুধু ভারতবর্ষেরই নয়, বরং বিশ্ব সংগীত অঙ্গনের এক অনন্য নাম। তাঁর জন্মভূমি নবীনগর হওয়াটা এ অঞ্চলের জন্য গর্বের বিষয়। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এবং তাঁর পৈতৃক ভিটেমাটি রক্ষা করতে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।”
এ সময় বক্তারা জেলা প্রশাসকের নামে হস্তান্তর করা জমিতে সুর সম্রাটের স্মৃতি রক্ষার্থে একটি অডিটোরিয়াম ও মিউজিয়াম নির্মাণের জোর দাবি জানান।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ ও সুধীজন ছাড়াও কলেজের সহকারী অধ্যাপক আব্দুল নুর, মো. দেলোয়ার হোসেন, জাফর উল্লাহ, মো. ইকবাল হোসেন, প্রভাষক বাকির আহমেদ হামিম ও মোহাম্মদ গোলাম কিবরিয়া-সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত