ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ইয়াবা ও ভারতীয় মদ জব্দ, আটক ২

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ , ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

আমিনুল ইসলাম আহাদঃ সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় মদ, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুইজন আসামিকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

২৫ বিজিবি সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকেল আনুমানিক ৪টায় (১৬০০ ঘটিকা) সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ বিষ্ণপুর বিওপির বিশেষ টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পূর্ব কালাছড়া এলাকায় অভিযান চালায়।

এ সময় আসামীবিহীন অবস্থায় ভারতীয় ৯,৮৬৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ২৯ লক্ষ ৫৯ হাজার ৮ শত টাকা।

এছাড়াও একইদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (১৯১৫ ঘটিকা) ধর্মঘর বিওপির টহলদল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বটতলী এলাকায় অভিযান চালিয়ে ০২ জন আসামীসহ ০৯ বোতল ভারতীয় মদ, একটি মোটরসাইকেল এবং ০২টি ব্যবহৃত মোবাইল ফোন আটক করে। এসবের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ লক্ষ ০১ হাজার ১০০ টাকা।

আটককৃত আসামী ও জব্দকৃত মালামাল যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে যেন কোনো ধরণের মাদক বা চোরাচালান বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে তারা বদ্ধপরিকর।