ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিষ ঢেলে ১২ লাখ টাকার মাছ নিধন

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ , ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ার ইজারাকৃত একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১২ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইজারাদার মো. আনোয়ার।

গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চন্ডালখিল গ্রামের রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পুকুরের ইজারাদার মো. আনোয়ার জানান, পাঁচ বছরের জন্য প্রায় ১১০ শতক পুকুর ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে দেশীয় ও বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ—রুই, কাতলা, সিলভার, তেলাপিয়া, পাঙ্গাস, সরপুটি ও বাটকি চাষ করছিলেন তিনি।

কিন্তু কে বা কারা অসৎ উদ্দেশ্যে পুকুরে বিষাক্ত পদার্থ নিক্ষেপ করে শত শত মাছ মেরে ফেলেছে। এতে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, “খবর পেয়ে পুকুরে গিয়ে দেখি শত শত মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এত বড় ক্ষতির কারণে আমি আর্থিকভাবে চরম সংকটে পড়েছি।”

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”