নওগাঁর রাজপথে ইসলামী আন্দোলন, নির্বাচনে সমান সুযোগ নিশ্চিতের দাবি”

প্রকাশিত: ৭:৩০ পূর্বাহ্ণ , ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ সদর উপজেলা শাখা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ শহরের ব্রীজের মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাজের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি ও জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মাদ ফরহাদ আলম।

বক্তারা বলেন, “২৪ সালের গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ ও আহত হলেও এখনো পর্যন্ত ‘জুলাই সনদ’ ঘোষণা করা হয়নি। অথচ একটি রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত। আমরা পরিষ্কারভাবে বলতে চাই—নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।”

তারা আরও বলেন, নির্বাচন পদ্ধতিতে উভয় কক্ষে পিআর (Proportional Representation) বাস্তবায়ন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট শক্তির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিও বাস্তবায়ন করতে হবে।

পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বক্তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নওগাঁ সদর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।