দুমকিতে বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ , ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন

এম আমির হোসাইন, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকি উপজেলার কচাবুনিয়া নদীর বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার পাঙ্গাশিয়া এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারের শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়। অন্যান্যের মধ্যে আবদুল মজিদ হাওলাদার, মনিরুল ইসলাম ও মিজানুর রহমান বাবুল বক্তব্য রাখেন।

এসময় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, নদীর ভাঙন ক্রমশই বেড়ে চলেছে। নামে মাত্র সংস্কার করলেও কোনো টেকসই মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

দ্রুত কার্যকরী ব্যবস্থা না নেওয়া হলে পুরোটাই ভেঙে এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করেছেন মানববন্ধন কারারা। আর এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে এলাকার কৃষকরা।

স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বারেক বলেন, নদীর পশ্চিমপাড় নেছারিয়া মাদ্রাসা থেকে পুকুরজানা বাজার সড়কের মাঝামাঝি অন্তত ৫০০ মিটার পাকা রাস্তার প্রায় অর্ধেকাংশ ২ বছর আগেই নদীতে ভেঙে গেছে। বাকি অর্ধেকাংশেও এখন ফাটল ধরেছে।

নদীর তীরে পাইলিং বা সাপোর্টিং না থাকায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন এ সড়কটি মাত্র ছয় মাসেই ভেঙে পড়েছে। তবে দু’বছর পার হলেও এখনো কোনো টেকসই মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তাছাড়া নদীর তীরে ঝুঁকিপূর্ণ স্থানে পাইল-সাপোর্ট না থাকায় জোয়ারের স্রোতে নিচের মাটি সরে যাওয়ায় সড়ক ভেঙে যাচ্ছে।

রাস্তা ভেঙে একবার পানি ঢুকলে বসতঘর তলিয়ে যাওয়াসহ কৃষকের সর্বনাশ হবে। এসময় বেরিবাঁধ রক্ষার দাবিতে আরও বক্তব্য রাখেন, আব্দুল মজিদ হাওলাদার, মোঃ মনিরুল ইসলাম, মিজানুর রহমান বাবুল প্রমুখ।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, আমরা দ্রুততম সময়ে সরজমিনে গিয়ে সার্ভে করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।