ইমরান হাসান, ত্রিশাল (ময়মনসিংহ): ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ভায়া ত্রিশাল (নুরুর দোকান) থেকে কালিরবাজার পর্যন্ত ৯ কিলোমিটার পাঁকা সড়ক এখন বেহাল অবস্থায় পড়ে আছে।
সড়কের বিভিন্ন অংশ দেখে মনে হবে এটি আর সড়ক নয়, যেন ছোট ছোট ডোবা। এতে করে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থীসহ হাজারো পথচারী ও যাত্রী।
সরেজমিনে দেখা যায়, প্রায় দেড় বছর আগে এ সড়ক সংস্কার করা হলেও বর্তমানে এর অবস্থা খুবই নাজুক। বিশেষ করে মাছ পরিবহনকারী গাড়ির চাপে সড়কের জায়গায় জায়গায় পিচ উঠে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। হদ্দের ভিটা এলাকায় সড়ক পুকুরের সঙ্গে মিশে ছোট ডোবায় পরিণত হয়েছে। এ অবস্থায় কিছু ব্যাটারিচালিত অটোরিকশা হেলে-দুলে চলাচল করছে। এতে প্রায়ই যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।
বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কের দুই পাশে ফিসারির পাড় হিসেবে জমি ব্যবহার ও পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা সাদিকুর রহমান বলেন,“বছর খানেক আগে অনেক ভোগান্তির পর সড়কটি সংস্কার করা হয়। কিন্তু অপরিকল্পিত মাছের ফিসারি ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দেড় বছরের মধ্যেই সড়কটি ভেঙে পড়েছে। অনেক জায়গা ডোবায় পরিণত হয়েছে। প্রয়াত ইউএনও রাশিদুল হাসান স্যারের নামে নামকরণ করা এই সড়ক দ্রুত সংস্কার জরুরি।”
অটোরিকশা চালক সুমন মিয়া বলেন,“সড়ক ভাঙা থাকায় যাত্রীরা প্রতিদিন কষ্ট পাচ্ছেন। অনেক সময় যাত্রী নামিয়ে ঠেলে গাড়ি তুলতে হয়। দুর্ঘটনার ঝুঁকি সবসময় থাকে।”
স্থানীয় ইউপি সদস্য এরশাদ হাসান বলেন, “সড়কের পাশে পুকুর থাকায় এক পাশের পানি অপর পাশে যেতে না পারায় সড়ক ভেঙে ডোবায় পরিণত হয়েছে অনেক দিন ধরে। দিনে কোনোভাবে যাতায়াত করা গেলেও রাতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই স্থানীয়রা ইট-বালি ফেলে সাময়িক মেরামত করেছে। কিন্তু আমরা এর স্থায়ী সমাধান চাই।”
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শফিউল্লাহ খন্দকার বলেন, “আমি এ বিষয়ে অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।”
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত