ছাগল চুরির ঘটনায় চোরের হেদায়েতের জন্য মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ , ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ছাগল চুরির ঘটনায় এক ব্যতিক্রমী আয়োজন দেখা গেছে। চুরি যাওয়া ছাগল ফেরত না পেলেও কিংবা চোরকে গালমন্দ না করে তার হেদায়েত কামনায় স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন গ্রামের যুবক আলামিন জোমাদ্দার সবুজ।

প্রায় এক মাস আগে সবুজের দুটি ছাগল চুরি হয়ে যায়। প্রথমে তিনি বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়লেও পরে ভিন্নধর্মী চিন্তা করেন। তার বিশ্বাস, মানুষ কখনো অভাবে আবার কখনো লোভের কারণে অপরাধে জড়িয়ে পড়ে। তাই চোরের প্রতি শত্রুতা না করে বরং আল্লাহর কাছে দোয়া করা উচিত, যাতে সে তার ভুল বুঝতে পারে এবং সঠিক পথে ফিরে আসে।

এ উপলক্ষে তিনি মাইকিং করে গ্রামবাসীকে আমন্ত্রণ জানান এবং স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মাদরাসার শিক্ষার্থী ও অসংখ্য মুসল্লি অংশ নেন। উপস্থিত অতিথিরা সবুজের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সাধারণত চুরি হলে মানুষ চোরকে অভিশাপ দেয়, কিন্তু এ ধরনের আয়োজন সমাজে মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

আলামিন জোমাদ্দার সবুজ বলেন, “চোর হয়তো অভাবে কিংবা লোভের বশবর্তী হয়ে এ অপরাধে জড়িয়েছে। আমি যদি তাকে নিয়ে খারাপ মন্তব্য করি তবে আমার আর তার মধ্যে পার্থক্য থাকে না। আমি চাই সে তার ভুল বুঝতে পারুক এবং এই পথ থেকে ফিরে আসুক।

আমার এই প্রচেষ্টা সমাজে নৈতিক অবক্ষয়ের পরিবর্তনে সামান্য হলেও ভূমিকা রাখুক।” স্থানীয়দের মতে, এ আয়োজন শুধু এলাকায় নয়, বরং পুরো সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।