চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ , ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল উদ্দিনের মেয়ে তাসলিমা বেগমের বিরুদ্ধে ১৫ লক্ষ টাকার চেক প্রতারণা মামলার জেরে একজন ব্যবসায়ীর ওপর মিথ্যা মামলা দায়ের ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী কাওসার আলম শিবু, নবীনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মেসার্স জোবায়ের ট্রেডার্সের স্বত্বাধিকারী, আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন যে, তাসলিমা বেগম প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে জমি কেনার কথা বলে ২০২৩ সালের অক্টোবর মাসে ১৫ লক্ষ টাকা হাওলাত নেন।

পরে সময়মতো টাকা ফেরত না দিয়ে চেক দেন, যার নম্বর ৮১২৫৫৯২ এবং হিসাব নম্বর ৩৫৮৯৯। তবে ২০২৪ সালের ৩০ জুন চেকটি ব্যাংক থেকে ডিজঅনার (অবৈধ ঘোষিত) হয়।

এ ঘটনায় শিবু আদালতে চেক ডিজঅনার মামলা করলে, প্রতিপক্ষ তাসলিমা বেগম তার প্রভাব খাটিয়ে উল্টো কাওসার আলম শিবুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে দুটি মিথ্যা মামলা দায়ের করেন।

এতে শিবুকে ১৫ দিন কারাগারে থাকতে হয়। জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি ও তার পরিবার নানা ধরনের হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন।

কাওসার আলম শিবু বলেন, “আমি আইনের আশ্রয় নিয়েছি, অথচ এখন উল্টো আমি ও আমার পরিবার ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছি। বারবার প্রাণনাশের হুমকি পাচ্ছি। আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে অভিযুক্ত তাসলিমা বেগমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পাঠানো খুদে বার্তারও কোনো জবাব মেলেনি।

স্থানীয় বাসিন্দা আবুল খায়ের ও আবু কাশেম বলেন, “বিষয়টি সঠিকভাবে তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত না করলে ভবিষ্যতে এমন হয়রানির ঘটনা আরও বাড়বে।”