জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে এক অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে লেখা শ্লোগান দেখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। শ্লোগানটিতে লেখা ছিল— “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ”।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের ৬০ জন হতদরিদ্র মানুষের মধ্যে প্রতিজনকে ৩০ কেজি করে চাল বিতরণের কথা ছিল। এ সময় ইউএনও রাজীব চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বস্তায় শেখ হাসিনার নামে শ্লোগান দেখা গেলে ইউএনও বিরক্ত হয়ে আর চাল বিতরণ না করেই স্থান ত্যাগ করেন।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, “ইউএনও স্যার উদ্বোধন করতে এসেছিলেন। তবে শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে চলে যান। প্রায় এক বছর আগে বিতরণ হওয়া পুরোনো কোনো বস্তায় শেখ হাসিনার নাম লেখা থাকতে পারে। বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয়। মূলত শৃঙ্খলার অভাবেই তিনি অসন্তুষ্ট হয়েছেন।”
অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী জানান, “চাল বিতরণের অব্যবস্থাপনা দেখে আমি ফিরে আসি। সাবেক প্রধানমন্ত্রীর নামে লেখা কোনো বস্তা ছিল কিনা তা আমার জানা নেই। তবে চেয়ারম্যানকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি।”
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত