ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রান্তিক জনগোষ্ঠীর সংহতি ও ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় আলোচনা সভা ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে ‘তৃণমূল-আস্থা প্রকল্প’ কর্তৃক গঠিত আস্থা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্ল্যাটফর্ম, দীঘিনালা-এর আয়োজনে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে এ কর্মসূচি হয়।
আলোচনা সভার পূর্বে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সভার প্রতিপাদ্যকে কেন্দ্র করে একটি নাটকও মঞ্চস্থ করা হয়। অনুষ্ঠানস্থলে টাঙানো পোস্টারগুলোতে লেখা ছিল— “নির্বাচন ভোটাধিকার মুক্তপাক, বাংলাদেশ এগিয়ে যাক”, “টাকার বিনিময়ে ভোট দেওয়ার অর্থ দুর্নীতির বীজ বপন করা”, “নারী কিংবা পুরুষ নয়, ভোটার আমার পরিচয়” ইত্যাদি সচেতনতামূলক বার্তা।
সভায় সভাপতিত্ব করেন তৃণমূল উন্নয়ন সংস্থা-আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক ধনেশ্বর দেওয়ান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাচন অফিসার মাজহারুল ইসলাম। তিনি বলেন,“ভোটাধিকার সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই রাষ্ট্রের মালিকানা প্রমাণ করে।
টাকার বিনিময়ে ভোট বিক্রি করলে গণতন্ত্র দুর্বল হয়, আর দুর্নীতির শেকড় মজবুত হয়। তাই তরুণ প্রজন্মকে সততার সঙ্গে ভোটারদের সচেতন করতে হবে। নারী-পুরুষ নির্বিশেষে সকলে ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট প্রদান করলে গণতন্ত্র হবে শক্তিশালী, আর দেশ এগিয়ে যাবে আলোকিত ভবিষ্যতের পথে।”
সভায় বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিজয় চাকমা ও সংরক্ষিত মহিলা সদস্য চন্দনা চাকমা। তৃণমূল উন্নয়ন সংস্থা ও আস্থা প্রকল্পের কার্যক্রম নিয়ে তথ্যমূলক বক্তব্য উপস্থাপন করেন প্রকল্পের মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফিল্ড অ্যাসোসিয়েট পপেন ত্রিপুরা।
আলোচনা সভা শেষে প্রথমবারের ভোটার ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভোটাধিকারের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মক ভোটিং কার্যক্রম অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃত্ব দেন আস্থা ইয়ুথ গ্রুপের সদস্যরা।
উল্লেখ্য, ২০২৩ সালে তৃণমূল উন্নয়ন সংস্থা বাস্তবায়নাধীন ‘আস্থা’ প্রকল্পটি খাগড়াছড়ি পার্বত্য জেলার সকল ৯টি উপজেলায় চালু হয়। প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলায় ৩০ জন বিশিষ্ট একটি করে ‘আস্থা ইয়ুথ গ্রুপ’ গঠন করা হয়েছে, যারা ভোটাধিকারসহ নানা নাগরিক অধিকার বিষয়ে তৃণমূল জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত