খাগড়াছড়িতে প্রয়াস একাডেমির সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ , ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

উচ্চশিক্ষার অভিযাত্রায় নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য নিয়ে এগিয়ে চলা শিক্ষার্থীদের উৎসাহিত করতে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো প্রয়াস একাডেমির সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়, নার্সিং ও গুচ্ছভুক্ত বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের সংবর্ধনা এবং ২০২৫-২৬ সেশনের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এই আয়োজনে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ও অনুপ্রেরণার সঞ্চার ঘটে।

অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত ও জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে জ্ঞানই সর্বশ্রেষ্ঠ শক্তি। শিক্ষা, গবেষণা, দক্ষতা অর্জন এবং জ্ঞানকে প্রয়োগের মাধ্যমেই আমরা নতুন শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।” তিনি আরও যোগ করেন, “একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রয়াস অপরিহার্য। সৎ সাহস, সময় ব্যবস্থাপনা ও মনোবল ধরে রাখার মাধ্যমেই অর্জন সম্ভব সত্যিকার সাফল্য।”

প্রয়াস একাডেমির পরিচালক উত্তম কুমার ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন খাগড়াছড়ি সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক সোনালী চাকমা। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখার সাহস জোগান দিয়ে বলেন, “আমি যদি দুর্গম এলাকা থেকে সংগ্রাম করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি, তবে তোমরাও অবশ্যই পারবে। জীবনের বাস্তবতা মেনে নিতে হবে, মনোবল ধরে রাখতে হবে— তাহলেই সাফল্য অনিবার্য।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা। তিনি বলেন, “আমাদের সময়ে এমন কোচিং সুবিধা ছিল না। তবুও দুর্গম পথ পেরিয়ে আমি আজকের অবস্থানে পৌঁছেছি। তাই তোমরাও অধ্যবসায় করলে নিশ্চয়ই সফল হতে পারবে।” তিনি শিক্ষার্থীদের সতর্ক করে দেন সমাজে বাল্যবিবাহের মতো প্রতিবন্ধকতার বিষয়ে এবং এ বিষয়ে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রয়াস একাডেমির সহকারী পরিচালক ও নার্সিং মেন্টর স্নেহময় ত্রিপুরা, বিবিএ মেন্টর জেমস ত্রিপুরা, সমাজকর্মী সুরেশ বরণ ত্রিপুরা এবং ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, খাগড়াছড়ি সদর শাখার সভাপতি আকাশ ত্রিপুরা।

অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের। পরে অতিথিরা ২০২৫ সালের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

প্রতিষ্ঠানের পরিচালক উত্তম কুমার ত্রিপুরা জানান, ২০১৯ সালে মাত্র ১৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে প্রয়াস একাডেমি। প্রথম বছরেই ১১ জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করে। বর্তমানে প্রতিষ্ঠানে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। চলতি বছরই ৩৫ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও নার্সিং প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।