কমলগঞ্জে ধান খেত থেকে গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ , ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
প্রতিকী ছবি

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জে ধান খেত থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবককের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত লিটন পশ্চিম নন্দগ্রামের সত্তার মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে মসজিদের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে কিছু জানা যায়নি।

জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা মসজিদের পাশে লিটন মিয়ার জবাই করা লাশ দেখতে পান। পরে শমশেরনগর ফাঁড়ি পুলিশকে বিষয়টি জানানো হলে তারা এসে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা বলেন, নিহত লিটনের সাথে এলাকার অনেক মানুষের সমস্যা আছে। সে এলাকায় চুরিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। তবে গতকাল রাতে তাকে এভাবে হত্যা করা ঠিক হয়নি।

এ বিষয়ে পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, ঘটনাটি শুনে সরেজমিনে এসে দেখেছি। লাশ উদ্ধার করা হচ্ছে।

এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে এ বিষয় জানা যায়নি।