খাগড়াছড়িতে ‘য়ারুং যুব ক্লাব’-এর উদ্বোধন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ , ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

“ঐক্য, শিক্ষা ও উন্নয়ন” এই মূলনীতিকে সামনে রেখে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আলাধন পাড়ায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উদ্বোধন করা হয়েছে ‘য়ারুং যুব ক্লাব ঘর’। একই সঙ্গে নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ক্লাব ঘরের উদ্বোধন করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা। উদ্বোধনী বক্তব্যে তিনি ত্রিপুরা সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নে শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান।

তিনি নিজ অর্থায়নে নষ্ট হওয়া একটি নলকূপ মেরামত, নতুন দুটি নলকূপ স্থাপন এবং ক্লাবের সার্বিক উন্নয়নে সহায়তার আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা। বক্তব্যে তিনি একটি ক্লাব গঠনে প্রয়োজনীয় বিষয়, সম্ভাব্য সুযোগ-সুবিধা ও সীমাবদ্ধতা তুলে ধরেন। পাশাপাশি তিনি ব্যক্তিগত উদ্যোগ ও জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন য়ারুং যুব ক্লাবের সভাপতি হিকোময় ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমা, আস্থা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান, ত্রিপুরা কল্যাণ সংসদের সদর আঞ্চলিক সভাপতি মিহির কান্তি ত্রিপুরা, মালেয়া ফাউন্ডেশনের অর্থ ও প্রশাসনিক কো-অর্ডিনেটর সূর্য্য ব্রত ত্রিপুরা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির যুগান্তর বিকাশ ত্রিপুরা, ইউপি সদস্য নির্মল ত্রিপুরা মন্টু, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য সমাপন ত্রিপুরা, স্থানীয় কার্বারী চন্ডী কিশোর ত্রিপুরা ও বিকাশ চন্দ্র ত্রিপুরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সহ-সভাপতি রন বিজয় ত্রিপুরা। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক খপি রঞ্জন ত্রিপুরা। যুগ্ম সাধারণ সম্পাদক পিংকি রানী ত্রিপুরা আলাধন পাড়ার সংক্ষিপ্ত ইতিহাস, তার ব্যক্তিগত সংগ্রাম ও ভারতে উচ্চশিক্ষায় স্কলারশিপ পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দদের হাতে পুরনো কমিটির পক্ষ থেকে নথিপত্রসহ দায়িত্ব হস্তান্তর করা হয়।