হাসান মিয়া, নকলা: শেরপুর জেলার নকলা উপজেলার ভূরদী গ্রামের কৃতী সন্তান মো. মোশারফ হোসাইন শিক্ষা, সাংবাদিকতা ও সমাজসেবায় অবদান রেখে বহুমাত্রিক গুণের অধিকারী হিসেবে পরিচিতি লাভ করেছেন। একাধারে তিনি শিক্ষক, সাংবাদিক, সংগঠক ।
১৯৭৯ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করা মোশারফ হোসাইন নকলা উপজেলার ভূরদী গ্রামের সন্তান। তাঁর পিতা মো. ছাইয়েদুল হক এবং মাতা মোছা. মনোয়ার বেগম। বর্তমানে তিনি নকলা পৌরসভার গ্রীনরোডের তাসনীম ভিলায় পরিবারসহ বসবাস করছেন।
প্রাথমিক শিক্ষা শুরু হয় বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর গণপদ্দী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি (১৯৯৫), নকলা হাজী জালমামুদ কলেজ থেকে এইচএসসি (১৯৯৭) এবং নাসিরাবাদ কলেজ থেকে বি.এসসি পাস করেন।
পরবর্তীতে উত্তরা ইউনিভার্সিটি থেকে বি.পি.এড, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে বি.এড, দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে এম.এড এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পুনরায় বি.এড ডিগ্রি অর্জন করেন।
শিক্ষকতা জীবনে তিনি ২০১০ সালের ১৫ ডিসেম্বর থেকে নকলা উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) হিসেবে কর্মরত।
ছাত্রজীবন থেকেই লেখালেখি ও সাংবাদিকতায় যুক্ত হন মোশারফ। ১৯৯৯ সালে স্থানীয় দৈনিক জাহান পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। এরপর সমকাল, ইত্তেফাক, জনকণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দেশ রূপান্তরসহ বহু জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় কাজ করেছেন।
বর্তমানে তিনি জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশ-এর উপজেলা প্রতিনিধি, স্থানীয় দৈনিক আজকের খবর এবং ইংরেজি জাতীয় দৈনিক The Daily Tribunal-এর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ২০২১ সাল থেকে নকলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করছেন।
সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন। কৃষকদের উন্নয়নে ‘ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থা’ এবং ‘নকলা প্রবীণ প্রতিবন্ধী হিতৈষী সংস্থা’ প্রতিষ্ঠা করেছেন। এছাড়া মনোয়ারা হক গ্রন্থাগারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। তরুণদের সঙ্গে থাকতে ও কাজ করতে তিনি বিশেষভাবে ভালোবাসেন। সবসময় তরুণদের নানা সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কাজে উৎসাহিত করে থাকেন।
শিক্ষা, সাংবাদিকতা ও সমাজসেবায় অসামান্য অবদানের জন্য পেয়েছেন অগণিত সম্মাননা ও পুরস্কার। ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। এছাড়া রক্তদান, পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন ও সাংবাদিকতায় অবদানের জন্য কৃষি মন্ত্রণালয়সহ সরকারি-বেসরকারি নানা সংস্থা থেকে সম্মাননা পেয়েছেন তিনি।
সহজ-সরল ও সাদা মনের মানুষ হিসেবে নকলার সর্বস্তরের জনগণের মনে স্থান করে নিয়েছেন মো. মোশারফ হোসাইন। তিনি বলেন আমি মানুষের ভালোবাসা নিয়েই পৃথিবীতে বেঁচে থাকতে চাই। এমনকি মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে অমর হয়ে থাকতে চাই।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত