নুরের ওপর হামলার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ , ৩০ আগস্ট ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- সময়ের আবর্তন।

পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর): গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলের শীর্ষ নেতাদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকালে নালিতাবাড়ী শহরের উত্তর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাজার শাহী জামে মসজিদের সামনে সমাবেশে রূপ নেয়।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে স্লোগান তোলেন—“নুরের ওপর হামলা কেন, জবাব চাই”, “জাতীয় পার্টির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও”, “আপা গেছে যেই পথে, জাপা যাবে সেই পথে”, “আমাদের সংগ্রাম চলছেই চলবে”।

গণঅধিকার পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আবু সাইদ ইমন এর সভাপতিত্বে এবং জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোতালেব হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নকলা-নালিতাবাড়ী আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী কাজী হায়াৎ, জামায়াত সমর্থিত প্রার্থী মু. গোলাম কিবিরিয়া ভিপি, গণঅধিকার পরিষদ শেরপুর জেলা শাখার সদস্য সচিব শামসুজ্জামান শিবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সোহাগ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র কায়েসসহ অন্যরা।

বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার ও তার মিত্ররা হামলার পথ বেছে নিয়েছে। দমন-পীড়ন ও সন্ত্রাসী আক্রমণ করে কোনো আন্দোলন দমন করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

এ সময় মানববন্ধন ও বিক্ষোভে জামায়াতসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সংহতি প্রকাশ করেন।