জামাল হোসেন পান্না,নবীনগরঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের মাদ্রাসাছাত্র মোহাম্মদ হোসাইন (১৩) নিখোঁজ হওয়ার দেড় মাস পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। শোকে পাগল হয়ে পড়েছেন তার বাবা-মা।
মোহাম্মদ হোসাইন ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘরে অবস্থিত "আলা হযরত তাহফিজুল কোরআন মাদ্রাসার" ছাত্র। সে ইতোমধ্যে ১৭ পারা কোরআন শরীফ হিফজ করেছে। তার বাবা কামাল পারভেজ একজন ব্যবসায়ী। চার ছেলে ও এক মেয়ের মধ্যে হোসাইন তৃতীয়।
কামাল পারভেজ জানান, গত ৫ জুলাই সকাল ১০টার দিকে মাদ্রাসা থেকে ডাবলু বাড়ি মোড়ের উদ্দেশে বের হয় হোসাইন। এরপর থেকে সে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে সেদিন রাতেই ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
তিনি আরও জানান, নিখোঁজের কিছুদিন পর থেকে বিভিন্ন অজ্ঞাত নম্বর থেকে ফোন করে কয়েক দফায় টাকা দাবি করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।
হোসাইনের বাবা বলেন, "দেড় মাস ধরে ছেলের খোঁজে দিনরাত ছুটছি। কোথায় আছে, কেমন আছে— কিছুই জানি না। আমি ও তার মা অসুস্থ হয়ে পড়েছি। পুলিশকে একাধিকবার জানিয়েও কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমাদের সংসার ভেঙে গেছে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতি অনুরোধ করছি— দয়া করে আমার ছেলেকে খুঁজে দিন।"
এ বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ কোনো তথ্য জানাতে পারেনি বলে পরিবার সূত্রে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত