কোম্পানিগঞ্জ-নবীনগর সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ , ২৪ আগস্ট ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

কুমিল্লার মুরাদনগরে কোম্পানিগঞ্জ-নবীনগর সড়কের টনকি এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মালু মিয়া (৫৫) নামে একজন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালক সাগর মিয়া (২৭)।

দুর্ঘটনাটি ঘটে রবিবার (২৪ আগস্ট) ভোররাতে। নিহত মালু মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেপুর গ্রামের মৃত চান্দার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিমসার বাজার থেকে কাঁচামাল বোঝাই একটি সিএনজি নবীনগরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি ট্রাকের সঙ্গে টনকি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী মালু মিয়া নিহত হন।

আহত চালক সাগর মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি ও ট্রাক জব্দ করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করি। নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।”

এদিকে হঠাৎ এ মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী অভিযোগ করেছেন, সড়কে অতিরিক্ত গতি ও অব্যবস্থাপনার কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে। তারা দ্রুত গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের দাবি জানান।