ত্রিশালে মোবাইল কোর্টে মাদকসেবীকে কারাদণ্ড

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ , ১ জুলাই ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল কোর্ট অভিযানে মো. মাহমুদুর রহমান (২৫) নামের এক মাদকসেবীকে ১৫ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের দরিল্যা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত মাহমুদুর রহমান ত্রিশাল পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। অভিযানে ত্রিশাল থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয় এবং স্থানীয় জনগণ সহযোগিতা করেন।

সহকারী কমিশনার মাহবুবুর রহমান বলেন, “আটক ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ব্যবসা করে থাকে। সে রামপুর ইউনিয়নের দরিল্যা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট কিনে সেবন করে বলে স্থানীয়রা অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে মাদক সেবনের কথা স্বীকার করে এবং তার আচরণেও তা স্পষ্ট হয়।

এসময় তার সঙ্গে থাকা দু’টি ইয়াবা টেবলেট জব্দ করে ধ্বংস করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।”

তবে অভিযুক্তের পরিবার দাবি করেছে, মাহমুদুর একজন নামাজি ব্যক্তি, তাকে কখনো মাদক সেবন করতে দেখা যায়নি। কীভাবে এমন ঘটনা ঘটল, তা তারা বুঝে উঠতে পারছেন না।

এদিকে, অভিযানে সহকারী কমিশনার মাহবুবুর রহমান এলাকাবাসীর সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রয়াসেই মাদক থেকে যুব সমাজকে রক্ষা করা সম্ভব।”