মানিকগঞ্জে শহীদ এসি রবিউল করিম কামরুলের ৯ম শাহাদত বার্ষিকী পালিত

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ , ১ জুলাই ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন

মানিকগঞ্জে পালিত হয়েছে পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) শহীদ রবিউল করিম কামরুলের ৯ম শাহাদত বার্ষিকী। শোকর‌্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ নানা আয়োজনে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় চৌকস এই পুলিশ অফিসারকে।

এই উপলক্ষে লক্ষে (১লা জুলাই২০২৫) মঙ্গলবার সকাল ৯টায় শহীদ রবিউল করিম প্রতিষ্ঠিত নজরুল বিদ্যাসিঁড়ি স্কুল প্রাঙ্গণ থেকে একটি শোকর‌্যালি বের হয়।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কবরস্থানে গিয়ে শেষ হয়। সেখানে তাঁর পরিবারের সদস্য এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত বিদ্যালয় “ব্লমস”-এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে “ব্লুমস” প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি জি আর শওকত আলী এবং সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।

সভায় বক্তব্য রাখেন শহীদ রবিউলের সহধর্মিণী উম্মে সালমা, মানিকগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, শহীদের ছোট ভাই শামসুজ্জামান শামস প্রমুখ।

বক্তারা শহীদ রবিউল করিমের কর্মময় জীবন ও দেশপ্রেমের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর অবদানের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় শহীদ হন মানিকগঞ্জ জেলার সদর উপজেলার কাটিগ্রাম এলাকার সন্তান রবিউল করিম কামরুল।

তিনি সেদিন সাহসিকতার সঙ্গে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেন।