ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ৩৯৪

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ , ২৮ জুলাই ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬৪ জন ডেঙ্গু রোগী।

সোমবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে ১০৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৮ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৮ জন, খুলনা বিভাগে ৩৪ জন, রাজশাহী ৩১ জন ও রংপুরে ১০ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৯২৩ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৮ হাজার ৫৮৭ জন। মারা গেছেন ৭৮ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।