পশু’র চামড়া পাচার ঠেকাতে বেনাপোল সীমান্তে বিজিবি’র কড়া সতর্কতা

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ , ৬ জুন ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ কোরবানির পশুর চামড়া ভারতে পাচার ঠেকাতে বেনাপোলের বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ৪৯, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ জুন) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।

তিনি এক প্রেস রিলিজ এ জানান,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেশি মুনাফার আশায় সীমান্তের চোরাই পথে অবৈধভাবে ভারতে কোরবানির চামড়া পাচার হতে পারে। সেকারণে বেনাপোল সীমান্তের অধিকাংশ গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গত কয়েক বছরের মতো এবারও পশুর চামড়ার দাম কম, কেনা দামেও ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে পারছেন না। চামড়া আমাদের দেশের সম্পদ। এই সম্পদ যাতে কোনোভাবেই সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে পাচার না হয় এজন্য বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকায় ঈদের দিন সকাল থেকেই বাড়তি নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঈদ উপলক্ষে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধীনে যেসব বিজিবির পোস্ট ও ক্যাম্প রয়েছে সেগুলোতে এ বিষয়ে বাড়তি নজরদারি রাখা হয়েছে। এ ছাড়া নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

বেনাপোলের যেসব সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধে নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে,সে গুলির মধ্যে রয়েছে- বেনাপোল, গাতিপাড়া, সাদিপুর, রঘুনাথপুর, ঘিবা, ধান্যখোলা, কাশিপুর, শিকারপুর, শালকোনা, আন্দুলিয়া, হিজলী, মাসিলা, শাহজাতপুর, বর্ণি, দৌলতপুর, পুটখালী, গোগা, কায়বা, অগ্রভুলোট,পাঁচভূলট ও রুদ্রপুর সীমান্ত।