পলাশে অজ্ঞাত যুবকের  রক্তাক্ত লাশ উদ্ধার 

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ , ১৫ জুন ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

আল-আমিন মিয়া,নরসিংদী: নরসিংদীর পলাশে অজ্ঞাত এক যুবকের (৩৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রবিবার (১৫ জুন) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার  সকাল ৮টার দিকে পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের গজারিয়া ইউনিয়নের ধনারচর এলাকার কলাবাগানে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।

পরে খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পলাশ থানা পুলিশ। মরদেহটির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশটি এখানে ফেলে যায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে পিবিআই। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।