নালিতাবাড়ীতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ , ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ফাইল ছবি

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উত্তর নাকশী গ্রামে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সালমান ফারসি নামের আট বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সালমান ফারসি উপজেলার উত্তর নাকশী গ্রামের বাসিন্দা ইলিয়াস হোসেন ও সাবিনা ইয়াসমিন দম্পতির ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সালমান তার সমবয়সী বন্ধুদের সঙ্গে বাড়ির আশপাশে লুকোচুরি খেলছিল।

খেলার এক পর্যায়ে সে পাশের বাড়ির হযরত আলীর ঘরে লুকাতে যায়। সেখানে থাকা অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় সে অসাবধানতাবশত চার্জিং পয়েন্টে হাত দিলে বিদ্যুৎপৃষ্ঠ হয়।

দুর্ঘটনার সময় সালমানের বন্ধুদের চিৎকারে তার মা ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং সালমানকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে তাকে মৃত ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালায়।

নিহত শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।