খাগড়াছড়িতে

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের  এইচএসসি পরীক্ষার্থীদের  শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ , ১৩ জুন ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের উদ্যোগে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বিকেলে খাগড়াছড়ি জেলা শহরের মিলনপুরে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কার্যালয় হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা। তিনি বলেন, এইচএসসি একটি গুরুত্বপূর্ণ ধাপ। তোমাদের লক্ষ্য স্থির রাখতে হবে। কোনো বাধা তোমাদের মনোবল নষ্ট করতে পারবে না, যদি ইচ্ছাশক্তি অটুট থাকে।*

সভাপতিত্ব করেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের খাগড়াছড়ি কলেজ শাখার সভাপতি লসমী ত্রিপুরা। তিনি বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও ভবিষ্যতের পথচলায় তাদের সাহসী করে তোলা। আমরা চাই সবাই যেন সফলতার সঙ্গে এগিয়ে যেতে পারে।

খাগড়াছড়ি সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক সঞ্চয় ত্রিপুরা বলেন, নিজেকে প্রস্তুত করতে হবে এখন থেকেই। পড়ালেখার পাশাপাশি সময় ব্যবস্থাপনা, আত্মনিয়ন্ত্রণ ও স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়াই সাফল্যের চাবিকাঠি।

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সভাপতি মিহির কান্তি ত্রিপুরা বলেন, আমরা সবাই পাশে আছি। শুধু পড়াশোনা নয়, সামাজিক দায়িত্ববোধও তোমাদের গড়ে তুলতে হবে। কারণ তোমরাই আগামী দিনের নেতৃত্ব দিবে।

বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন বলেন, এইচএসসি একটি পরীক্ষামাত্র। জীবনের শেষ নয়, বরং একটি সূচনা। হার না মানার মনোভাব থাকলে সফলতা নিশ্চিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পদকপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা।
তিনি বলেন, *“তোমরা যারা আজ পরীক্ষার্থী, আগামীতে তোমরাই হবে আমাদের সমাজের গর্ব। আত্মবিশ্বাস, অধ্যবসায় ও দেশপ্রেম—এই তিনটি গুণের বিকল্প নেই।”*

আলোচনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি কমেন্দ্র লাল ত্রিপুরা, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক টিটু ত্রিপুরা, চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরামের সাবেক সভাপতি সুরেশ বরণ ত্রিপুরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। পরে একটি আনন্দঘন ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।