সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের নিরাপদ ও সুশৃঙ্খল চলাচলের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব নির্দেশনার কথা জানানো হয়।
উপজেলা প্রশাসনের উক্ত আদেশে উল্লেখ করা হয়, সাপাহার জিরো পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়ন পর্যন্ত কিছু ব্যক্তি নিজস্ব মোটরসাইকেল দিয়ে যাত্রী পরিবহনের ব্যবসা করছেন। এতে একদিকে যেমন অর্থ উপার্জনের সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে যাত্রীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের জন্য চারটি নির্দেশনা প্রদান করেছে।
প্রশাসনের নির্দেশনাগুলো হলো: ১. মোটরসাইকেল চালকের বৈধ কাগজপত্র সঙ্গে থাকতে হবে;
২. বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;
৩. চালক ও যাত্রী উভয়ের হেলমেট পরা বাধ্যতামূলক;
৪. চালক নিজেই মোটরসাইকেল চালিয়ে যাত্রী পরিবহন করবেন।
উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত ওই আদেশে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এসব নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া, সাপাহার উপজেলার সকল ভাড়ায় চালিত মোটরসাইকেল ব্যবসায়ীদের একটি পূর্ণাঙ্গ তালিকা ঠিকানাসহ সংশ্লিষ্ট অফিসে জমা দিতে বলা হয়েছে। তালিকা প্রস্তুতের জন্য স্থানীয় মোটরসাইকেল চালক সমিতির সভাপতি ও সম্পাদককে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সাপাহার থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং নির্দেশনা প্রতিপালনে যথাযথ ভূমিকা রাখতে অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত