সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ , ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) : “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে নওগাঁর সাপাহারে নানা আয়োজন করেছে ‘জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা’।

বৃহস্পতিবার (৫ জুন) বেলা সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষে জবই বিলের গোপালপুর-গৌরিপুর ব্রিজ সংলগ্ন সড়কের পাশে শতবর্ষী বৃক্ষ—বট ও পাইকড়—রোপণ করা হয়। পরে এক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শেষে সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা পরিবেশ দিবস উপলক্ষে রচিত বিশেষ সংগীত পরিবেশন করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাপাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির সভাপতি জাকারিয়া আলম, সাপাহার প্রেসক্লাবের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাবুল আকতার, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সোহানুর রহমান সবুজ, সংস্থার সভাপতি ফাহাদ ফরহাদ, সাধারণ সম্পাদক কারিম, সহ-সাধারণ সম্পাদক শামিম রেজা প্রমুখ।

জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সোহানুর রহমান সবুজ বলেন, “প্লাস্টিক দূষণ এখন বৈশ্বিক হুমকিতে পরিণত হয়েছে। একে রুখতে আমাদের স্থানীয় পর্যায় থেকেই সচেতনতা বাড়াতে হবে এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা চাই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ ও প্রাণবৈচিত্র্যে ভরপুর পৃথিবী রেখে যেতে।”

উল্লেখ্য, পরিবেশ দিবস উপলক্ষে সংস্থাটি প্রতিবছরই জবই বিল এলাকায় বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে থাকে।