মহানবী (সা.)কে কটূক্তির অভিযোগে গণপিটুনির শিকার, সেনা হেফাজতে অভিযুক্ত

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ , ১৫ জুন ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

মাসুদ রেজা শিশির: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বেরুলী বাজার এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটুক্তির অভিযোগে মোঃ আহম্মদ আলী (৬১) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গণপিটুনির শিকার হয়েছেন। পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করেন।

অভিযুক্ত আহম্মদ আলী নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের বাসিন্দা। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের অবসরপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৯টার দিকে বেরুলী বাজারের স্কুল মোড় সংলগ্ন হাফিজ মোল্লার চায়ের দোকানে কথা কাটাকাটির একপর্যায়ে আহম্মদ আলী মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেন।

এ সময় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় উপস্থিত জনতা তাকে ক্ষমা চাইতে বলেন। তবে তিনি ক্ষমা চাইতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং উত্তেজিত জনতা তাকে মারধর করে।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু জনতার রোষ থামানো সম্ভব না হওয়ায় পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবনে নিয়ে অবরুদ্ধ করে রাখে।

কিন্তু ক্রমেই বিক্ষুব্ধ জনতার ঢল বাড়তে থাকে। এক পর্যায়ে ইউনিয়ন পরিষদের দরজা ভেঙে পুনরায় আহম্মদ আলীর ওপর হামলা চালানো হয়।

এরপর সেনাবাহিনী, পুলিশ, ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত আহম্মদ আলীকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয় এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাসে এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানানো হয়।

ঘটনাটির পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।