বোয়ালমারীতে যৌথ অভিযানে অস্ত্র-কার্তুজ ও ৮২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ , ৪ জুন ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

ফরিদপুরের বোয়ালমারীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৮২০ পিস ইয়াবা, একটি দেশীয় একনলা বন্দুক (এলজি) এবং এক রাউন্ড কার্তুজসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ জুন) ভোররাতে উপজেলার গুনবহা গ্রামে অভিযান চালিয়ে জাহিদ মোল্যা (৩৫) নামের ওই মাদক কারবারিকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল ভোরে অভিযান চালিয়ে জাহিদের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও ৮২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন বলেন, “আটক জাহিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হবে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, জাহিদ মোল্যা দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তার গ্রেপ্তারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে এবং নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছে।