ফরিদপুরের বোয়ালমারীতে গলায় ফাঁস দিয়ে বুলবুলি বেগম (৩৮) নামের এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের গৌরীপুর উত্তরপাড়া গ্রামে স্বামী রাজিব শেখের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বুলবুলি ওই গ্রামের মৃত সিদ্দিক মাস্টারের ছেলে রাজিব শেখের স্ত্রী। রাজিব-বুলবুলি দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তাদের ছেলে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে।
পরিবারের বরাতে জানা যায়, বুলবুলি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। স্বজনদের ধারণা, মানসিক ভারসাম্যহীনতার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
নিহতের শাশুড়ি জানান, “সকালবেলা রান্না করে খেয়ে দেয়ে সে নিজের ঘরে ঘুমাতে গিয়েছিল। নাতি-নাতনিরা বারান্দায় মোবাইল দেখছিল। হঠাৎ ঘরে গিয়ে তারা দেখে তাদের মা গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তখন আমাদের ডাক চিৎকারে ছুটে গিয়ে তাকে নামানো হয়।”
তিনি আরও বলেন, “আমার বউমার মাথায় সমস্যা ছিল। এর আগেও সে হারপিক খেয়েছিল, তখন বাঁচানো গিয়েছিল। কিন্তু এবার আর পারলাম না।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত