মাসুদ রেজা শিশির: পরিবারের সাথে ঈদ উদযাপন করতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট হয়ে বাড়ি ফিরছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ভোগান্তি না থাকায় স্বস্তিতে ঘাট পার হচ্ছে যাত্রী ও যানবাহন।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে ঘাটে যাত্রীদের ভিড় দেখা গেছে। সরেজমিন গিয়ে দেখা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে যতগুলো ফেরি ও লঞ্চ দৌলতদিয়ায় ছেড়ে আসছে প্রতিটা লঞ্চ ও ফেরিতে চোখে পড়ার মতো যাত্রী ছিলো।
যাত্রীরা দৌলতদিয়া ফেরিঘাটে ও লঞ্চঘাটে নেমে যাত্রীবাহী পরিবহণ, মাহেন্দ্র ও মোটর সাইকেলে চড়ে তাদের গন্তব্যে চলে যাচ্ছে। এদিকে ঘাটে যানজট না থাকায় দক্ষিণ-পশ্চিমাচঞ্চল থেকে আসা যানবাহনগুলো সরাসরি ফেরিতে ঢাকায় চলে যাচ্ছে।
ঢাকা থেকে আসা কুষ্টিয়াগামী আলম মিয়া বলেন, ‘সকালে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে রওনা দিয়েছি। ঘাট এলাকায় যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই পদ্মা পাড় হয়ে দৌলতদিয়া আসলাম। এখন বাড়ির দিয়ে চলে যাবো।
মহাসড়ক ও ফেরিঘাটে যানজট নেই। মানুষ স্বস্তিতেই বাড়িতে ফিরছে।’ হালিমা বেগম নাকের এক যাত্রী বলেন, পদ্মা সেতু চালুর আগে প্রচুর ভোগান্তি হতো ফেরি ঘাটে সেতু চালুর পর সেই ভোগান্তি নেই। আমরা খুবই আনন্দিত যে মহাসড়ক বা ফেরিঘাটে কোথাও ভোগান্তি নেই।
আলী হোসেন বলেন, ‘গাবতলি থেকে লোকাল বাসে এসে পাটুরিয়া ঘাট হয়ে দৌলতদিয়া ঘাটে আসলাম। কোন ভোগান্তি নেই। স্বস্তিতেই বাড়ি যেতে পারবো আশা করি।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন বলেন, ‘সকাল থেকে যাত্রি ও যানবাহনের চাপ বেড়েছে। তবে কোন প্রকার যানজট বা ভোগান্তি নেই। এই নৌরুটে ছোট বড় মিলে ১৭ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।’
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত