জমি সংক্রান্ত বিরোধের জের কমলগঞ্জে চাচার হাতে ২ ভাতিজি খুন: আহত-১

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ , ৩ জুন ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ফাইল ছবি

আব্দুর রাজ্জাককমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে চাচার হাতে ২ ভাতিজিকে কূপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরুতর আহত ভাবীর অবস্থাও আশঙ্কাজনক। মঙ্গলবার (৩ জুন) বিকাল ৫টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালকান্দি গ্রামে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালকান্দি গ্রামের ষ্ট্রোকের রোগী আবু মিয়ার সাথে তারই ছোট ভাই মাসুক আলীর বিরোধ চলে আসছিল। আবু মিয়ার ৬ কন্যা সন্তান,তার কোন ছেলে সন্তান নেই। সোমবার বিকাল ৪টায় বিরোধপূর্ণ কৃষি জমিতে আবু মিয়ার মেয়ে ও শাহিদুল ইসলামের স্ত্রী শামিমা সুলতানা সাম্মী আক্তার (২৫) ও আবু মিয়ার মেয়ে মিম সুলতানা মাসুমা (২৩) কৃষি মজুরদের নিয়ে জমিতে কাজ করছিল।

এসময় অর্তকিত ভাবে তাদের ছোট চাচা মাসুক আলী (৫৫), তার ছেলে বাবু ও স্ত্রী রাহেনা দা নিয়ে গিয়ে এলাপাতাড়ি ভাবে আবু মিয়ার স্ত্রী হাজেরা বেগম (৫৫) ও কন্যা শামিমা সুলতানা সাম্মী আক্তার ও মিম সুলতানা মাসুমা (২৩)কে কূপাতে থাকে। ফলে ঘটনাস্থলেই দুই ভাতিজি শামিমা সুলতানা সাম্মী ও মিমি সুলতানা মাসুমা নিহত হন।

আর আশঙ্কাজনক অবস্থায় আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম (৫৫) কে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ইসলামপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই দুই বোন নিহত হয়েছে। তাদের মাকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: এবিএম সাজেদুল কবির শামিমা সুলতানা সাম্মী আক্তার ও মিম সুলতানা মাসুমা ২ বোনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, আশঙ্কাজনক অবস্থায় হাজিরা বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, হত্যাকান্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘাতক মাসুক আলীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য যে, গত ২৬ মে জমির বিরোধ নিয়ে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে স্কুল শিক্ষিকাকে কূপিয়ে হত্যা করা হয়।