মজিবুর রহমানঃ নেত্রকোনার কেন্দুয়া পৌর শহর ও আশপাশের এলাকাগুলোর গুরুত্বপূর্ণ মোড় ও বাজারগুলোতে সড়কজুড়ে গড়ে ওঠা অনিয়ন্ত্রিত বাস, ট্রাক, সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ডের কারণে তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। এসব এলাকায় নেই কোনো নির্ধারিত পার্কিং জোন বা যানবাহন দাঁড়ানোর জায়গা, ফলে চালকরা বাধ্য হয়ে রাস্তাতেই গাড়ি রেখে যাত্রী ওঠা-নামার কাজ সারছেন।
বিশেষ করে কেন্দুয়ার পুরাতন বাসস্ট্যান্ড মোড়, যা পৌর শহরের প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত, সেখানেই রয়েছে চরম বিশৃঙ্খলা। মোড়টির চারদিকে সিএনজি ও অটোরিকশাগুলোর দখলে প্রায় পুরো রাস্তা, যার ফলে এই এলাকায় যান চলাচলে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
শুধু এই মোড়েই নয়, পৌর শহরের সাজিউড়া, চিরাং, সাউদপাড়া ও দরগা মোড়েও একই চিত্র লক্ষ করা যায়। এসব মোড় যেন অটোরিকশার স্বর্গরাজ্য। যত্রতত্র দাঁড়িয়ে থাকা যানবাহনের কারণে পথচারীদের হাঁটাচলা করা দুঃসাধ্য হয়ে পড়েছে। যানবাহনের ধাক্কা, ছোট ছোট দুর্ঘটনা আর দীর্ঘ যানজট,এসব যেন এখানকার নিত্যদিনের চিত্র।
এছাড়াও উপজেলার বিভিন্ন বাজারের গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও যানবাহনের এমন অব্যবস্থাপনা দৃষ্টিগোচর হচ্ছে। ট্রাফিক পুলিশের উপস্থিতি নেই বললেই চলে। ফলে চালকেরা নিজেদের খেয়ালখুশি মতো যানবাহন পার্ক করে রাখছেন সড়কেরই।
আসন্ন পবিত্র ঈদুল আযহা ঘিরে শহরে মানুষের ও যানবাহনের চাপ প্রতিনিয়ত বেড়েই চলেছে। এই অবস্থায় যদি এখনই কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ঈদের সময় কেন্দুয়ার প্রধান সড়কগুলোতে ভয়াবহ যানজট ও বিশৃঙ্খলা দেখা দিতে পারে।
কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম জানান, বাসস্ট্যান্ড মোড়ের অবস্থা ভাল না। কোন ট্রাফিক ব্যবস্থা নেই। চারদিক দিয়ে গাড়ি দাঁড়ানো থাকে যে যার মতো, যেন দেখার কেউ নেই। সাথে প্রাইমারি স্কুলসহ আশেপাশেই তিনটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। শত শত ছোট ছোট বাচ্চারা প্রতিনিয়ত চরম ঝুঁকি নিয়ে এই মোড় পারি দিতে হয়। অন্তত মোড়ের ১০০ গজের ভিতরে কোন গাড়ি পার্কিং যেন না থাকে এই দাবী জানান তিনি।
অবস্থানকারী চালকেরাও জানান, নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় তাঁরা বাধ্য হয়েই রাস্তায় গাড়ি দাঁড় করান। তবে তাঁরা শৃঙ্খলার পক্ষে এবং পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দিষ্ট জায়গা বরাদ্দ দেওয়া হলে সেখানে যানবাহন রাখবেন বলে জানান তারা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনতিবিলম্বে উদ্যোগ নিয়ে পৌর শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, নির্ধারিত স্ট্যান্ড তৈরি ও নিয়মতান্ত্রিক চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন জনসাধারণ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত