কেন্দুয়ায় দুই শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ , ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ফাইল ছবি

মজিবুর রহমানঃ নেত্রকোনার কেন্দুয়ায় পৃথক তিনটি ঘটনায় দুই শিশু ও একজন প্রাপ্তবয়স্কের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—২৮ মাস বয়সী মাহাদী, ৭ বছর বয়সী হোসাইন এবং ৫৫ বছর বয়সী মিন্টু মিয়া।

বৃহস্পতিবার (১২ জুন) বিকাল ৩টার দিকে রাজিবপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায় মাহাদী। সে খ্যাতিমান লোকসংগীত শিল্পী আব্দুল কুদ্দুছ বয়াতীর ভাতিজির ছেলে এবং মদন উপজেলার বাশুরী গ্রামের বাসিন্দা মামুনের পুত্র।

প্রায় একই সময়ে, কেন্দুয়া পৌরশহরের মতি মোড়ে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার চাপায় গুরুতর আহত হয় হোসাইন নামে সাত বছর বয়সী এক শিশু। দ্রুত তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত হোসাইন কেন্দুয়া উপজেলার শ্রীধরপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে।

এছাড়া রাত ৯টার দিকে মাসকা গার্মেন্টসের সামনে মিন্টু মিয়া (৫৫) বাসচাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিন্টু কেন্দুয়া পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা এবং মাসকা গার্মেন্টসে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

এই তিনটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কেন্দুয়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।