আব্দুর রাজ্জাক,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাঘরাবাড়ী এলাকায় সংগঠিত ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত চক্রকে শনাক্ত এবং ডাকাত চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় লুট করা ৭টি মোবাইল ফোন এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, গত ৩১ মে রাতে কমলগঞ্জে বাঘরাবাড়ি এলাকায় ১০/১৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল রাস্তায় গাছ ফেলে বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মারধর ও লুটপাট করে। এ ঘটনায় ১ জুন কমলগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), শ্রীমঙ্গল সার্কেলের এএসপি, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবং মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই অনিক রঞ্জন দাসসহ একটি টিম ডাকাতির ঘটনার পর থেকে কাজ শুরু করে।
ভিকটিমদের দেওয়া তথ্য, সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩ জুন ভোরে কমলগঞ্জ উপজেলার দক্ষিণ কানাইদেশী গ্রামে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে জড়িত জাহান আহমেদ রাজুকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে লুটকৃত একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ জুন সকালে কমলগঞ্জের বনগাঁও এলাকা থেকে জড়িত ডাকাত দলের আরেক সদস্য মহরম আলীকে আটক ও তার হেফাজত থাকা একটি মোবাইল উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ জুন রাতে ডাকাত বহনকারী দলের সদস্য সিএনজি চালক সালাম মিয়াকেও শ্রীমঙ্গলের সাতগাঁও স্ট্যান্ড থেকে আটক ও ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।
এছাড়া লাউয়াছড়া জাতীয় উদ্যানে অভিযান পরিচালনার সময় একটি ব্যাগে পরিত্যক্ত অবস্থায় লুট করা আরও ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
ব্রিফিং পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা। আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত