আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরাসার এলাকায় চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ভয়াবহ একটি দুর্ঘটনায় কেঁপে উঠেছে পুরো এলাকা। বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক উল্টে আগুন ধরে গেলে অন্তত দুই শতাধিক এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের বিকট শব্দ ও আগুনে এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।
ঘটনার সময় ট্রাকটি ঢাকার শাহবাগ থেকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়ার বর্ডার বাজারের দিকে যাচ্ছিল। পথে শহর বাইপাসের বিরাসার এলাকায় একটি বড় গর্তে চাকা পড়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে ট্রাক ভর্তি সিলিন্ডারগুলোর মধ্যে।
বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের মানুষ ঘুম থেকে জেগে উঠে রাস্তায় বেরিয়ে আসেন। বহু দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রাইভেট কারের ইঞ্জিন থেকেই আগুনের সূত্রপাত হয়, যা পরে সিলিন্ডারগুলোতে ছড়িয়ে পড়ে। ট্রাকে থাকা প্রায় সব সিলিন্ডারই বিস্ফোরিত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মহাসড়কের দীর্ঘদিনের ভাঙাচোরা অবস্থা এবং রক্ষণাবেক্ষণের অভাবই এই দুর্ঘটনার মূল কারণ। বৃষ্টির কারণে গর্তে পানি জমে থাকায় ট্রাকের চাকা ফসকে যায় বলে জানান তারা।
সিএনজি চালক কামাল বলেন, “এই রাস্তার অবস্থা ভয়াবহ। দেখার কেউ নেই। এত বড় গর্তে না পড়লে এমন দুর্ঘটনা হতো না।”
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন জানান, “দুর্ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। সকাল ৯টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলে। যদিও কেউ হতাহত হননি, তবে মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছিল। বিকল্প রুট হিসেবে শহরের ভেতর দিয়ে যান চলাচলের ব্যবস্থা নেওয়া হয়।”
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত