সচিবালয়ে আজ দর্শনার্থী প্রবেশ বন্ধ

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ , ২৭ মে ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সচিবালয়ে আজ মঙ্গলবার (২৭ মে) দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল সোমবার (২৬ মে) রাতে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল জাবেদ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ২৭ মে, মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।

এদিকে বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি। সোমবার রাতে তাদের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক জারিকৃত গণবিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে উক্ত নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে আজ সচিবালয় আবারও বিক্ষোভ মিছিল কর‌বে ব‌লে গতকালই এক ঘোষণায় জা‌নি‌য়ে‌ছিল বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। পাশাপাশি একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানায় সংগঠনটি।

গতকাল টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতর বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।

চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে—এমন বিধান রেখে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। রবিবার (২৫ মে) সন্ধ্যায় অধ্যাদেশটি জারি করেন রাষ্ট্রপতি।