পাইকগাছায় পুলিশের অভিযানে নাশকতা মামলার আসামি সহ আটক ৬

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ , ২৩ মে ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

পাইকগাছা থানা পুলিশের অভিযানে নাশকতা মামলার ৫ আসামি সহ দু’বছরের সাজাপ্রাপ্ত আরো এক আসামিকে আটক করা হয়েছে। আটককৃত সকলকে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার উপজেলার কপিলমুনি ইউপির ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক রামনগর গ্রামের মৃত এছেম গাজীর ছেলে মোঃ ফজর আলী গাজী (৫৫) ও নোয়াকাটি গ্রামের মৃত শহিদুল গাজীর ছেলে মোঃ আঃ কাদের গাজী এবং শুক্রবার গড়ইখালী ইউনিয়নের কিসমত গাইনের ছেলে বাবলু হোসেন গাইন ওরফে বাবু গাইন(৫১) কে নাশকতা মামলায় অভিযুক্ত হওয়ায় আটক করা হয়,মামলা নং-৬।

এছাড়া বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌরসভার সরল গ্রামের জিন্নাত গাজীর ছেলে পৌর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন ও একই দিন বিকালে গদাইপুর থেকে পৌরসভার ৯নং ওয়ার্ডের মোসলেম দফাদারের ছেলে পৌর শ্রমিক লীগের আহবায়ক আনারুল ইসলামকে নাশকতা মামলায় অভিযুক্ত হওয়ায় আটক করা হয়েছে, মামলা নং-১৬।

এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই বছর সাজাপ্রাপ্ত আসামি উপজেলার কাজিমুসা গ্রামের আইয়ুব আলী গাজীর ছেলে জাকির গাজী (৪৫)কে নিজ বাড়ী থেকে আটক করেছে থানা পুলিশ।

এ বিষয়ে পাইকগাছা থানার চলতি দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, শুক্রবার সকল আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।