খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাথে পার্বত্য সচিবের মতবিনিময় সভা

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ , ২৪ মে ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুল খালেক বলেছেন, কোয়ালিটি জনবল নিয়োগ করা অপরিহার্য, কারণ নিয়োগে দুর্বলতা থাকলে উন্নয়ন সম্ভব হবে না। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, বরাদ্দ ও প্রকল্পের সঠিক তদারকি নিশ্চিত করতে হবে।

পাশাপাশি পর্যটন কেন্দ্র উন্নয়নে সতর্কতা অবলম্বনের কথা বলেন; সাজেকের পরিবেশ রক্ষায় সতর্কতা অবলম্বন প্রয়োজন, কারণ অবৈধ রিসোর্ট নির্মাণ পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করেছে।

আজ শনিবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সভাপতিত্বে স্থানীয় পরিষদের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা পরিষদের পক্ষ থেকে পার্বত্য জেলায় বরাদ্দ বৃদ্ধি ও প্রয়োজনীয় সহায়তা প্রদান, সদস্যদের উন্নয়ন সমন্বয় সভায় অংশগ্রহণ নিশ্চিত করার আহবান জানানো হয়। স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও পর্যটন কেন্দ্র বিকাশে গুরুত্বারোপ করেন। সিভিল সার্জন বাস্তবায়নাধীন হাসপাতালের নির্মাণ কাজের ধীরগতি ও জনবল সংকটের বিষয় তুলে ধরেন।

জেলা সরকারি গণগ্রন্থাগার থেকে জনবল সংকটের বিষয় তুলে ধরা হয় এবং খেলাধুলার ক্ষেত্রেও মাঠের অভাব ও ক্রিকেটের উন্নয়নে মনোযোগ বৃদ্ধির কথা বলা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে শূন্যপদের বিষয় জানানো হয়।

সভায় কয়েকটি জেলা পর্যায়ের কার্যালয়ের কর্মকর্তাদের অনুপস্থিতি ও প্রতিনিধি পাঠানোর বিষয় নিয়ে সচিব ক্ষোভ প্রকাশ করেন।

সমাপ্তিতে সচিব মো. আবদুল খালেক বলেন, কর্মপরিকল্পনা বাস্তবায়নে যোগ্য জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে এবং বিভাগসমূহের কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি করতে হবে।

দুপুরে সচিব ভাইবোনছড়া ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন, যেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।