মানবিক করিডরের আলোচনায় ফুলস্টপ দিতে বললেন নুর

প্রকাশিত: ৬:০০ পূর্বাহ্ণ , ২ মে ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

কক্সবাজারের ভূমি ব্যবহার করে রাখাইন রাজ্যের তথাকথিত সহায়তা পৌছানোর নামে যে মানবিক করিডরের আলোচনা চলছে, সরকারকে ওইখানেই ফুলস্টপ বা থেমে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বৃহস্পতিবার সন্ধায় আশুলিয়ার জিরাবোতে দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি একথা বলেন।

এসময় নুরুল হক নুর রাখাইনের জন্য করিডর দেওয়ার প্রসঙ্গে  বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর ঝুঁকি তৈরি হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারসহ কোন সরকারকেই নিতে দেয়া হবে না। কক্সবাজারের ভূমি ব্যবহার করে রাখাইন রাজ্যের তথাকথিত সহায়তা পৌছানোর নামে যে মানবিক করিডরের আলোচনা চলছে, সরকারকে ওইখানেই ফুলস্টপ দেন। আর এক পা’ও না আগাবেন না। আপনাদের (অন্তর্বর্তীকালীন সরকার) প্রতি সমর্থন-ভালোবাসা থাকলেও সরকার যা ইচ্ছে তাই করবে তা মেনে নেয়া হবে না।

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার গণঅধিকার পরিষদের আহবায়ক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদসহ বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা।