ফরিদপুরের বোয়ালমারীতে করাতকলের শ্রমিকদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার গুনবহা তালতলা মসজিদসংলগ্ন আলাউদ্দিনের করাতকলে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, করাতকলের কারিগর মো. আলম শেখ (৩৮) এবং গুনবহা গ্রামের রেজাউল শেখ (২৫)-এর মধ্যে কর্মক্ষেত্রে অনিয়মিত শ্রমিকদের নিয়ে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে রেজাউলের মা ছবিরন নেছা, সিয়াম, আলম, রবিনসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত ছবিরন নেছা, সিয়াম ও রবিনকে ফরিদপুর মেডিকেলে রেফার করা হয়েছে।
আলম শেখ অভিযোগ করে বলেন, “আমি কারখানার মিস্ত্রি হিসেবে দায়িত্ব পালন করি। কিছু শ্রমিক প্রায়ই অনুপস্থিত থাকে, তাদের এ নিয়ে বলায় রেজাউল হঠাৎ লোকজন নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়।”
অন্যদিকে, রেজাউল শেখ বলেন, “আমি করাতকলে মালামাল টানার কাজ করি। আলম প্রায়ই শ্রমিকদের অশ্রাব্য ভাষায় গালাগাল করে। আমি বাধা দিলে সে ও তার লোকজন আমাদের ওপর হামলা চালায়।”
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “ঘটনার ব্যাপারে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত