পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ সরকারি নাজমুল স্মৃতি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি প্রার্থী ওমর ফাহিম রিয়েলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় নালিতাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
লিখিত বক্তব্যে ওমর ফাহিম রিয়েল বলেন, তিনি নালিতাবাড়ীর ঐতিহ্যবাহী বিএনপি পরিবারের একজন সক্রিয় সদস্য। তার বাবা মো. মানিক মিয়া ছিলেন নালিতাবাড়ী উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে শহর বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
তিনি অভিযোগ করেন, কলেজ ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী হওয়ার পর থেকেই একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে।
রিয়েল দাবি করেন, তার অতীতের ধর্মীয়, সামাজিক ও কলেজের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্যসহ। এসব অপপ্রচারের মাধ্যমে তাকে দলীয় পদ থেকে বঞ্চিত করার অপচেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে কলেজ ছাত্রদলের অন্যান্য নেতারা বলেন, রিয়েল দলের একজন ত্যাগী ও পরিশ্রমী কর্মী হিসেবে পরিচিত। বিগত সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ কেন্দ্রীয় ও বিভাগীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তিনি। অথচ একটি বিশেষ মহল তাকে রাজনৈতিকভাবে হেয় করার ষড়যন্ত্রে লিপ্ত।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে বক্তারা অনুরোধ জানান, অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে গণমাধ্যম যেন সঠিক তথ্য তুলে ধরে এবং প্রকৃত সত্য উদঘাটনে ভূমিকা রাখে।
সংবাদ সম্মেলনে কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত